সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পাহাড়ে কয়েকটি গ্রুপ আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে। সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমরা শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।”
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার গুঞ্জন রয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাকে (শেখ হাসিনা) ফেরত পাওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী পার্শ্ববর্তী দেশকে একাধিকবার অনুরোধপত্র পাঠানো হয়েছে। ডিসেম্বরে ঘোলা পানিতে মাছ ধরার কোন চেষ্টা সহ্য করবো না। কোনো অপতৎপরতা করতে দেওয়া হবে না। আমাদের অবস্থান পরিস্কার।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এবারে দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে। অতীতে বিগত ১৫-১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ও ধর্মীয় সম্প্রীতি বিনাশের ঘটনা ঘটানো হয়েছিল। তবে বর্তমান সরকার সেই সমস্ত অপসংস্কৃতি থেকে মুক্ত হতে পেরেছে এবং সকলের সহযোগিতায় সামনের দিনেও এ রকম পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।”
তিনি বলেন, “আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবশ্যই হবে। এ নিয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “গোপালগঞ্জে একটি জায়গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”