ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. শাহিন আলম (৪০) নামে এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শাহিন আলমের বাবার নাম বশির উদ্দিন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকায়। তবে তিনি কোনো মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
কারারক্ষী আমিরুল ইসলাম জানান, গতকাল বুধবার বিকেলের দিকে হাজতি শাহিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে শাহিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।