রাজধানীর খিলগাঁওয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম কামরুজ্জামান খান দিপু (৪০)।
পরিবারের দাবি, অজ্ঞাত ১০–১২ জন ব্যক্তি তাকে অপহরণের পর মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ শনিবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত দিপু খিলগাঁওয়ের ব্লক-সি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
নিহতের বাবা সামসুউদ্দিন জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিপু বাসা থেকে বের হন। বের হওয়ার সময় তিনি বাবার কাছে ২০ টাকা চান। সামসুউদ্দিন বলেন, “আমার ছেলের পকেটে টাকা থাকলেও বাইরে গেলে আমার কাছ থেকে ২০-৫০ টাকা নিত। সে আর ফিরে আসেনি।”
তিনি আরও অভিযোগ করেন, খিলগাঁও রেলগেট এলাকায় একদল ব্যক্তি দিপুকে তুলে নিয়ে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
পুলিশ জানায়, গত ২৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় অজ্ঞাত ১০–১২ জন দিপুকে মারধর করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে আইসিইউ বেড খালি না থাকায় পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের মর্গ থেকে দিপুর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।