সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯৩ শিশু।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ছয় শিশুর কেউই নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল না। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৩২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০২ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে একই সময়ে মোট এক হাজার ১৩৪ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ১০২ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২৯১। এই সময়ে এক হাজার ১৮০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৪৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৯৯ হাজার ১৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৭৬ হাজার ৫১৬ রোগী, যাদের মধ্যে এক লাখ ৬৯ হাজার ২৯০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।