রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একজন নারী এমপির মদদপুষ্ট বিএনপির সন্ত্রাসীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ রোববার এক বিবৃতি সাম্প্রতিক সময়ে রাজধানীর নয়াপল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর, মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুড়িয়ে দেয়া ও কন্টেন্ট ক্রিয়েটর জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা উল্লেখ করে এগুলো শাসকদলের নেতা-কর্মীদের কারসাজি বলে তিনি উল্লেখ করেন।
পরওয়ার বলেন, ‘‘গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১ এ রেখে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সংরক্ষিত নারী আসনের বিএনপির এক সংসদ সদস্যের মদদপুষ্ট সন্ত্রাসীরা। একই সঙ্গে স্থাপনাটি গুড়িয়ে দিয়ে দখল নিতে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত একটি চিকিৎসা কেন্দ্র গুড়িয়ে দিয়ে তা দখলে নেয়া ন্যাক্কারজনক দখলবাজির ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
বিবৃতিতে তিনি বলেন, ‘‘‘আমরা অতি দ্রুত এই ভাঙচুরের সাথে জড়িত মূলহোতাসহ সকল অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে জনগণের স্বাস্থ্যসেবা পুনরুদ্ধারে ক্ষতিপূরণ দেয়া ও অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়াসহ সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।”
জামায়াতের এই নেতা বলেন, “গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। নিউগ্রিনি প্রোপার্টিজে অবস্থিত তার এই স্টুডিওতে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে ও মূল্যবান সম্পদ লুট করে নিয়ে যায়। এ ঘটনার নেপথ্যে দুই গ্রুপের জমিজমা সংক্রান্ত বিবাদ থেকে বিএনপির কর্মীরা সালমান মোক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি বলেন, “বিএনপির কর্মীরা গতকাল বিকেলে নয়াপল্টনে ইসলামী ব্যাংক হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর করেছে। রাতভর মব তৈরি করে কথিত স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতা লিয়ন ও ফরহাদের নেতৃত্বে হাসপাতালের গ্লাস, সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং রিসিপশনের কর্মকর্তাদের মারধর করে সন্ত্রাসীরা। এসব ঘটনার সাথে জড়িত বিএনপির সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
পরওয়ার বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে। বিএনপির সন্ত্রাসীরা দখলবাজি ও চাঁদাবাজি করতে গিয়ে জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে। তারা ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের সম্পদকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে, যা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।”