ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী ২৪ অক্টোবর (শনিবার) বাংলা একাডেমিতে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা কবি, ভাষাসংগ্রামী, রবীন্দ্রসাহিত্যের গবেষক আহমদ রফিকের জীবন ও কর্মের ওপর আলোচনা করবেন।
একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে ফাউন্ডেশন। কিন্তু সরকার বা রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছাড়া জাদুঘর গড়া যেমন সম্ভব নয়, তেমনি তার ব্যবহার্য সামগ্রীগুলোও টিকিয়ে রাখা সম্ভব নয়।