রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ফুটপাতের চাঁদার টাকা নিয়ে বিরোধের জেরে এক সবজি ব্যবসায়ীকে গুলি ও তার ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বসিলা সড়কের ময়ূরভিলার সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ফুটপাতের কাঁচামাল ব্যবসায়ী মো. সুমন আলী (৪৫) ও তার ছেলে মো. ফাহিম (২৫)। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহতদের আত্মীয় পরিচয় দিয়ে মনির জাহান জানান, বেশ কয়েক দিন ধরে ফুটপাত থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে দুর্বৃত্তদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে চাঁদার টাকার পরিমাণ বাড়িয়ে দিতে বলা হলে ব্যবসায়ীরা তাতে রাজি হননি। এর জেরেই সুমন ও তার ছেলের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
মনির জাহানের ভাষ্য, দুর্বৃত্তরা সুমনের পায়ে গুলি করে। এ সময় তার ছেলে ফাহিমকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী নামপ্রকাশে অনিচ্ছুক বলেন, ‘‘রাতের দিকে চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা কাঁচামালের দোকানে প্রবেশ করেন। চাঁদা না পেয়ে মুন্না, জাউরা রাব্বি, ইয়ামিনসহ অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জন এ হামলা চালায়। তারা সুমনের পায়ে গুলি করেন এবং তার ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।’’
তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে বাবা-ছেলের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ একজন এবং ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত অপরজনকে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানা-পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান পরিদর্শক মো. ফারুক।