Advertisement Banner

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল, থাকছে আপিলের সুযোগ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল, থাকছে আপিলের সুযোগ
মনিরা শারমিন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শেষে জামায়াত জোটের এই প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান।

ইসির এই যুগ্মসচিব বলেন, “সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।”

রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন। তিনি বলেন, “আসনটি শূন্য হওয়ার পরে সব দল/জোটের জন্য উন্মুক্ত হবে।”

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গতকাল বুধবার অনুষ্ঠিত বাছাইয়ে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাকি একজনের বিষয়ে সিদ্ধান্ত আসে বৃহস্পতিবার দুপুরে।

এর আগের দিন বুধবার আরপিও’র বিধান উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা মঈন বাছাইয়ের সময় বলেছিলেন, “বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছে, তাতে সরকারি পে স্কেলের কথা উল্লেখ রয়েছে। এজন্য তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।”

২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান মনিরা শারমিন। তিনি ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন এবং দুই বছর পর, গেল ডিসেম্বর চাকরি ছাড়েন এই এনসিপি নেত্রী।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচনের অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের পর তিন বছর পূর্ণ না করেন।

সম্পর্কিত