Advertisement Banner

পুলিশের বিশৃঙ্খলা অনেকটা গুছিয়ে আনতে পেরেছি: আইজিপি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
পুলিশের বিশৃঙ্খলা অনেকটা গুছিয়ে আনতে পেরেছি: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ছবি: বাসস

পুলিশের বিশৃঙ্খল পরিস্থিতি ‘অনেকাংশে’ গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, “পুলিশের যে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি।”

আজ শুক্রবার দুপুরে ঢাকার তিনশ ফুট সড়ক এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “২০১৯-২০ সালে করোনার কারণে এবং পরে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সঠিকভাবে পুলিশ সপ্তাহ উদযাপন করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ও দেশাবাসীর সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং সকলের আস্থা অর্জনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।”

নতুন সরকারের আমলে আসন্ন এবারের প্রথম পুলিশ সপ্তাহ প্রসঙ্গে তিনি বলেন, “এই পুলিশ সপ্তাহ, পুলিশকে সুশৃঙ্খল এবং জনবান্ধব করার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের অন্যান্য যারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে জড়িত, তারা আমাদেরকে নির্দেশনা দেবেন।”

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতির বিষয়টি ছিল জানিয়ে আইজিপি বলেন, “এখন সরকার আমাদের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল। আগে যেভাবে বলা হতো যে, আমলাতান্ত্রিক জটিলতায় ফাইল গেলে সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না। এখন কিন্তু সেই দিন নাই, দিন বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। আশানুরূপ আইন-শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকার সার্বিকভাবে সহযোগিতা করছে।”

খিলখেত থানার বর্তমান অবস্থান, সম্প্রসারিত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে নতুন এই ফাঁড়িটি জরুরি ছিল বলে মনে করেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির।

আইজিপি আরও জানান, আন্তর্জাতিক বিমানবন্দরসহ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ‘যোগাযোগ হাব’ হওয়ায় এলাকাটি মাদক পরিবহন ও লেনদেনের জন্য একটি ‘সম্ভাব্য রুট’ হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকি রয়েছে। এলাকাগুলোতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের বসবাস বেড়ে যাওয়ায় অস্ত্র-মাদক ব্যবহারসহ সার্বিকভাবে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। ওই এলাকায় মানুষের ব্যাপক সমাগম হয়, যার ফলে স্থানীয় পর্যায়ে সার্বক্ষণিক শক্তিশালী পুলিশি উপস্থিতি অপরিহার্য।

সম্পর্কিত