Advertisement Banner

এখনো উদ্ধার হয়নি বিচ্ছিন্ন মাথা, অটোচালক রফিকের তিন হত্যাকারী গ্রেপ্তার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এখনো উদ্ধার হয়নি বিচ্ছিন্ন মাথা, অটোচালক রফিকের তিন হত্যাকারী গ্রেপ্তার
প্রতীকী ছবি

অটোরিকশা চালক মো. রফিকের তিন হত্যাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের সুপারিনটেনডেন্ট (এসপি) জয়ীতা শিল্পী আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

এসপি জয়ীতা শিল্পী বলেন, জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরি গ্রামের অটোরিকশা চালক মো. রফিক ২৪ মার্চ সন্ধ্যায় অটোরিকশা চালাতে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। পরদিন খবর পেয়ে পুলিশ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁচ বড়োইল গ্রামের কালিগঙ্গা নদী থেকে তার শিরশ্ছেদ করা লাশ উদ্ধার করে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ২৬ মার্চ ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর বাজার এলাকা থেকে জেলার ঘিওর উপজেলার রাঠোরা গ্রামের ৩০ বছর বয়সী রিপনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার সহযোগী জেলার মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ বড়াইল গ্রামের ২০ বছর বয়সী আরমান এবং একই গ্রামের ২৫ বছর বয়সী সজীবকে গ্রেপ্তার করা হয়।

তারা প্রাথমিকভাবে ঘটনাটি স্বীকার করেছে এবং হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে।

পুলিশ জানায়, রফিকের বিচ্ছিন্ন মাথা এখনও উদ্ধার করা যায়নি এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের সবাইকে আদালতে হাজির করা হয়েছে।

সম্পর্কিত