Advertisement Banner

ডেমরায় কালির কারখানায় অগ্নিদগ্ধ হয়ে আহত দুই

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ডেমরায় কালির কারখানায় অগ্নিদগ্ধ হয়ে আহত দুই
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় ইমো রোটো ফ্লেক্সি প্যাক কালির কারখানায় অগ্নিকাণ্ডে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কারখানার শ্রমিক। অন্যজন ফায়ার সার্ভিসের কর্মী।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন, কারখানার শ্রমিক মো. সুজন (২২) ও বঙ্গবাজার ইউনিটের ফায়ারম্যান নাঈম হোসাইন (২৮)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সুমন বলেন, “আজ দুপুরের দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনাটি ঘটে। এতে কারখানার শ্রমিক সুজনসহ একজন ফায়ারম্যান আহত হয়। আমরা তাদেরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি।”

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, বিকেলের দিকে সুজনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় জরুরী বিভাগে নিয়ে আসা হয়। তবে ফায়ারম্যানের ডান পায়ে সামান্য দগ্ধ রয়েছে। দগ্ধ শ্রমিক সুজনের শরীরে দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

শাওন আরও বলেন, “আমরা জানতে পেরেছি দগ্ধ শ্রমিক সুজন ওই কারখানার সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। অপর আহত ফায়ারম্যান নাঈম হোসাইন বঙ্গবাজার ফায়ার স্টেশনে কর্মরত আছেন।”

সম্পর্কিত