Advertisement Banner

রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে

আগামীকাল শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে। ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিকরাও অংশ নেবেন।

এছাড়াও যেসব জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে:

বায়তুল মোকাররমে পাঁচ জামাত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের দিন পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে শেষ জামাত অনুষ্ঠিত হবে।

আগারগাঁও ও সংসদ ভবন এলাকা

আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সকাল ৮টায় ঈদ জামাত হবে।

এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত হবে। সেখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয়ে দুটি জামাত অনুষ্ঠিত হবে-প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়।

এছাড়া সকাল আটটায় সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে একটি জামাত। ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টা, ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা আবাসিক এলাকায় ১৭ জামাত

বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন মসজিদে মোট ১৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য সময়গুলো হলো- সকাল সাড়ে ছয়টায় মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ), সকাল পৌনে ৭টায় উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক), সকাল ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল সোয়া ৭টা জি ব্লকে বায়তুল জান্নাত মাসজিদে, বায়তুল আবরার (এম ব্লক), এল ব্লক জামে মসজিদ, বায়তুর রহমান (এল ব্লক)-এ সকাল সাড়ে ৭টা। পৌনে ৮টায় বাইতুল কারীম, জান্নাতুল মাজিদ ও নূর এ মদিনায়। ৮টায় মদিনাতুল উলুম (কে ব্লক), আল আকসা (আই ব্লক) ও বাইতুস সালামে।

সকাল সোয়া ৮টায় এসবিজি করপোরেট জামে মসজিদ ও বায়তুস সোবহান মসজিদে। এরপর সকাল সাড়ে ৮টায় জে ব্লক জামে মসজিদে এবং ৯টার দিকে ফকিহুল মিল্লাত জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

পুরান ঢাকা ও অন্যান্য এলাকা

সকাল ৭টার দিকে লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফে এবং সাড়ে ৭টায় দিকে ধূপখোলা ময়দানে (গেন্ডারিয়া) ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সকাল সাড়ে ৭টা এবং দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সকাল ৮টায় ফরিদাবাদ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসা জামে মসজিদ, লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদ, গেন্ডারিয়া মসজিদে বেলাল (রা.), মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, মান্ডা সোনা মিয়া রোডের বাইতুন নূর জামে মসজিদ এবং লালবাগ মুন্সী মিয়া জান জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় নারিন্দা মুশুরিখোলা দরবার জামে মসজিদ, দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ ও জুরাইন বাইতুল জলিল জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে উত্তর যাত্রাবাড়ী, খিলগাঁও, মাদারটেক, ভাসানটেক, মোহাম্মদপুর, মিরপুর সাড়ে ১১, শান্তিনগর, ডুমনি, পাতিরাসহ বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, ঈদের দিন রাজধানী ঢাকায় সকাল ও বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে, যদিও তা দীর্ঘস্থায়ী হবে না।

সম্পর্কিত