Advertisement Banner

বারান্দায় বসে গল্প করার সময় বজ্রপাতে গেল প্রাণ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বারান্দায় বসে গল্প করার সময় বজ্রপাতে গেল প্রাণ
বজ্রপাত। ছবি: বাসস

নিজের ঘরের বারান্দায় বসে পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করার সময়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন গৃহবধূ। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবা জান্নাত মুন্নী (১৯) ছাদেক আহমেদের স্ত্রী। একবছর আগে তাদের বিয়ে হয়েছিল। ‎

রাকিবা জান্নাত মুন্নীর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, আজ সকাল থেকে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছিল। হঠাৎ একটি বজ্রপাত ছাদেক আহমেদের টিনশেড বাড়ির কর্নারে আঘাত হানে। এতে বাড়ির চাল ফুটো হয়ে বজ্রের আঘাত বারান্দায় এসে পড়ে।

এ সময় রাকিবা জান্নাত মুন্নী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়ির বারান্দায় বসে গল্প করছিলেন। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই রাকিবা জান্নাত মুন্নী আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎স্বামী ছাদেক আহমেদ বলেন, “আমার স্ত্রী মুন্নী পরিবারের সবার সঙ্গে খুবই অমায়িক ছিলেন। সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। আমাদের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। বিয়ের এক বছরের মাথায় তাকে হারিয়ে আমাদের পরিবারে গভীর শোক নেমে এসেছে।”

নিহত রাকিবা জান্নাত মুন্নীর আত্মীয় মোহাম্মদ আলমগীর জানান, এক বছর আগে ছাদেক আহমেদের সঙ্গে রাকিবা জান্নাত মুন্নীর বিয়ে হয়েছিল। মুন্নীর বাবার বাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে।

সম্পর্কিত