Advertisement Banner

মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি: চরচা

রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আরিফ জানান, মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. আরিফ আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

সম্পর্কিত