Advertisement Banner

‘পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম’, ফেসবুকে মোদির উচ্ছ্বাস

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম’, ফেসবুকে মোদির উচ্ছ্বাস
নরেন্দ্র মোদি। ছবি: ফেসবুক

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মসনদে হানা দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০১টিতে এগিয়ে তারা। আর ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল এগিয়ে আছে ৮৫টি আসনে।

বিজেপির এই জয়যাত্রায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দেন তিনি।

নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ম্যাজিক ফিগার পার করে ফেলেছে। এই জয়কে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ফল স্পষ্ট হতেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদি টুইট করে বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম! ২০২৬ সালের নির্বাচন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জনশক্তির জয় হয়েছে এবং সুশাসনের রাজনীতি সার্থকতা পেয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে নতমস্তকে কৃতজ্ঞ।”

তিনি আরও আশ্বস্ত করেছেন, এই নতুন সরকার বাংলার মানুষের স্বপ্ন পূরণ করবে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করবে।

মোদি লেখেন, “বাংলার মানুষ বিজেপিকে এক অভূতপূর্ব জনমত দিয়েছেন। আমি আপনাদের আশ্বস্ত করছি যে, পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের দল সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন এক সরকার উপহার দেব, যা সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য সমান সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।”

সম্পর্কিত