উত্তর কোরিয়ার সঙ্গে বড় হার বাংলাদেশের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
উত্তর কোরিয়ার সঙ্গে বড় হার বাংলাদেশের
বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে উত্তর কোরিয়া। ছবি: বাফুফে

এশিয়ান কাপের অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে অবস্থান ৯। চীনের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ নারী দলকে নিয়ে প্রত্যাশার মাত্রা বাড়িয়েছিল। তবে আজ উত্তর কোরিয়ার বিপক্ষে হারের ব্যবধানটা বড়ই। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯৩ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ৫-০ গোলে হেরেছে ঋতুপর্না-আফঈদারা।

সিডনির কমব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তর কোরিয়ার আধিপত্য ছিল আগাগোড়াই। চীনের বিপক্ষে এশিয়ান কাপের অভিষেক ম্যাচে যে দাঁতে দাঁত চেপে লড়াইটা বাংলাদেশ করেছিল, উত্তর কোরিয়ার বিপক্ষে আজ সেই লড়াইয়ে কিছুটা ঘাটতি ছিল। শক্তিতে-সামর্থ্যে যোজন ব্যবধানে এগিয়ে থাকলেও উত্তর কোরিয়ার বিপক্ষে রক্ষণাত্মক কৌশল নেননি বাটলার। তারপরেও কোরিয়া দ্রুতগতির প্রেসিং ফুটবল খেলে গোটা ম্যাচেই বাংলাদেশকে চাপে রাখে।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল উত্তর কোরিয়া। যদিও প্রথমার্ধে তাদের তিনটি গোলে ভিএআরে (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) বাতিল হয়ে যায়। একটি গোলে বাতিল হয় হ্যান্ডবলে, একটি অফসাইডে ও অন্যটি ফাউল করায়। গোলশূন্য অবস্থায় যখন প্রথমার্ধ শেষ করার সম্ভাবনা প্রবলভাবে উঁকি দিচ্ছে, ঠিক তখনই অর্ধের একেবারে শেষ দিকে অধিনায়ক আফঈদা খন্দকার বক্সের মধ্যে কোরীয় ফরোয়ার্ডকে ফাউল করে পেনাল্টি উপহার দেন। উত্তর কোরিয়াকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন মিয়ং ইয়ো জং। এর প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর কোরিয়া পেয়ে যায় দ্বিতীয় গোলটি। স্কোরশিটে নাম লেখান কিম ইয়ং ডান। এই গোলটি ছিল রক্ষণের ভুলে।

দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার আধিপত্য যেন আরও বেড়েছিল। ৬২ মিনিটে চে উন ইয়ং গোল করে ব্যবধান ৩–০ করেন। পরের মিনিটে কিম ইয়ং কিয়ংয়ের জোরালো শটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। ডান দিকে ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি গোলরক্ষক মিলি। ৬৯ মিনিটে হং সং ওকের শট গোলকিপার মিলি আক্তার প্রতিহত করেন। তবে ম্যাচের একেবারে শেষ দিকে আরও একটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। সেটি ছিল ম্যাচের ৯০তম মিনিট।

চীনের বিপক্ষে যে একাদশ খেলেছে, সেখান থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিম ও মিডফিল্ডার উমেহলা মারমা দলে ছিলেন না। তাদের জায়গায় সুযোগ পান তহুরা খাতুন ও আইরিন খাতুন। অবশ্য কোচ বাটলার প্রথমার্ধেই আনেন তিনটি পরিবর্তন। স্বপ্না, উমহেলা মারমা ও আনিয়কা রানিয়া সিদ্দিকী মাঠে নামেন। তবুও উত্তর কোরিয়াকে সেভাবে বিচলিত করতে পারেনি বাংলাদেশ।

আগামী ৯ মার্চ পার্থে শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ তৈরি হতে পারে। ড্র হলে তখন হিসাব গড়াবে গোল ব্যবধানে।

সম্পর্কিত