Advertisement Banner

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম
ছবি: রয়টার্স

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম আজ সোমবার সকালে ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, একই সময়ে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ খবর জানিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে তা ওই পোস্টে জানানো হয়নি।

ইরানের বার্তা সংস্থা মেহরের খবর বলছে, হামলার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে এই বিমানবন্দরটি চালু করা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া রাজধানী তেহরানের কাছের কারাজ শহরের আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত তিন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই হামলার ‘কঠিন জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেল আবিব।

সম্পর্কিত