Advertisement Banner

হাজারীবাগে ‘বিষপানে’ ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাজারীবাগে ‘বিষপানে’ ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বিষাক্ত কিছু পান করে আত্মহত্যা করেছেন সীমান্ত।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজারীবাগের মনেস্বর রোডের একটি বাসায় সাবলেট থাকতেন সীমান্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সীমান্তের রুমমেটের বরাতে তার চাচা রুহুল আমিন জানান, বৃহস্পতিবার রাত ৯টার পর সীমান্ত নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। অনেকসময় কোনো সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানায় অন্য রুমমেটরা। পরে বাড়ির মালিক এসে দরজা ভেঙে সীমান্তকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

রুহুল আমিন আরও জানান, অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ পাওয়া যায়। এতে পরিবারের ধারণা, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত