Advertisement Banner

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাট, মামলার আসামি ৭০০

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
উত্তরায় মার্কেটে হামলা-লুটপাট, মামলার আসামি ৭০০
উত্তরা স্কয়ার শপিংমল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: সোমবার সকালে তোলা

রাজধানীর উত্তরায় রিকশাচালককে মারধরের অভিযোগে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। আজ সোমবার রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

কাজী রফিক আহমেদ বলেন, “উত্তরায় শপিং কমপ্লেক্স ঘেরাও করে ভাঙচুর, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।”

ওসি আরও জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।

আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে বেঁধে রাখার খবরটি সম্পূর্ণ গুজব। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নজরুল ইসলাম বলেন, “সংঘর্ষের সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হন।”

সম্পর্কিত