মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতির চেষ্টা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতির চেষ্টা
প্রতীকী ছবি: চরচা

কক্সবাজারের মাতারবাড়ী এলাকায় অবস্থিত কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) প্রকল্পে সশস্ত্র ডাকাত চক্রের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ মঙ্গলবার ভোররাতে প্রকল্পের ‘মুগডেইল পোস্ট’-এ দায়িত্বরত দুজন সশস্ত্র আনসার সদস্য সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন।

এ সময় প্রায় ২০-২৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র রামদা, ছুরি ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলার চেষ্টা চালায়।

রাষ্ট্রীয় সম্পদের রক্ষা করার জন্য আনসার সদস্য মো. আশিকুর রহমান তার শটগান থেকে দুই রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা ফায়ার করেন। আকস্মিক প্রতিরোধ ও গুলির শব্দে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে নিকটবর্তী বাংলাদেশ নৌবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সঙ্গে যৌথ অভিযান শুরু করে। একপর্যায়ে ডাকাত চক্রের সদস্য শহিদুল্লাহকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাহিনী জানায়, আনসার সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দৃঢ়তার ফলে সম্ভাব্য বৃহৎ নাশকতা ও রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। কৌশলগত জাতীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর এ তৎপরতা দেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামোগত স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত