Advertisement Banner

জয়ে বিশ্বকাপ শুরু আমেরিকার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জয়ে বিশ্বকাপ শুরু আমেরিকার
ছবি: রয়টার্স

৩২ বছর পর ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে স্মরণীয় এক সূচনা করল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে প্যারাগুয়েকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিকরা। ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের জোড়া গোল এবং কোচ মাউরিসিও পোচেত্তিনোর আক্রমণাত্মক কৌশলে প্যারাগুয়েকে পাত্তাই দেয়নি আমেরিকানরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে মার্কিন যুক্তরাষ্ট্র। অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক আক্রমণে মূল ভূমিকা পালন করেন। ম্যাচের প্রথম গোলটি আসে প্যারাগুয়ের আত্মঘাতী গোল থেকে, যেখানে গুরুত্বপূর্ণ অবদান ছিল পুলিসিকের। এরপর ম্যাচের ৩১তম মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোলটি করেন ফোলারিন বালোগুন। প্রথমার্ধের স্টপেজ টাইমের শেষ মুহূর্তে বালোগুন আবারও জাল খুঁজে পেলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। মার্কিন ফুটবল ইতিহাসে বিশ্বকাপে এটিই প্রথমার্ধের সবচেয়ে বড় লিড।

নতুন প্রধান কোচ মাউরিসিও পোচেত্তিনোর অধীনে বিরতির পরেও আক্রমণের ধারা বজায় রাখে মার্কিন দল। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে মিডফিল্ডার জিও রেইনা দলের চতুর্থ গোলটি করেন। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে চারটি গোল দিল যুক্তরাষ্ট্র।

প্যারাগুয়ের পক্ষে দ্বিতীয়ার্ধে মাউরিসিও একটি গোল শোধ করে।

এই জয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপ জয় হিসেবে রেকর্ড গড়েছে। কাতার বিশ্বকাপে খেলা চার ম্যাচে দলটির গোল ছিল মাত্র ৩টি, আর এবার এক ম্যাচেই তারা করল ৪ গোল।

ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। ১৯৩০ সালের পর এই প্রথম কোনো মার্কিন খেলোয়াড় বিশ্বকাপের এক ম্যাচে একাধিক গোল করার কীর্তি গড়লেন। নিউইয়র্কে জন্ম নেওয়া এবং লন্ডনে বেড়ে ওঠা এই স্ট্রাইকার ইংল্যান্ডের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।

সম্পর্কিত