Advertisement Banner

টানা দুই দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
টানা দুই দফা কমার পর আবার বাড়ল সোনার দাম
প্রতীকী ছবি। ছবি: পেক্সেলস

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার (২৭ জুন) প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, দেশের বাজারে খাঁটি (তেজাবি) সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা করা হয়েছে। আর ১৮ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৪৯০ টাকা বেড়ে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা হয়েছে।

এ ছাড়া, সনাতন পদ্ধতির সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা বাড়িয়ে প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে। নকশা অনুযায়ী গয়না তৈরির মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলেও জানায় সংগঠনটি।

বাজুস আরও জানিয়েছে, নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে গয়না বিনিময় ও ক্রয়সংক্রান্ত আগের নিয়ম অপরিবর্তিত থাকবে। রুপার গয়নার ওপর প্রযোজ্য ভ্যাট বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।

এর আগে সর্বশেষ ২৫ জুন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

শনিবারের দাম বৃদ্ধির মাধ্যমে চলতি বছরে দেশের বাজারে সোনার দামের পরিবর্তন হয়েছে মোট ৮২ বার। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪০ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

এদিকে শনিবার রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরিতে ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ৬৬৬ টাকা হয়েছে।

২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪ হাজার ৪৩২ টাকা, ৩ হাজার ৭৯১ টাকা এবং ২ হাজার ৮৫৮ টাকা প্রতি ভরি।

২০২৬ সালে এখন পর্যন্ত রুপার দাম পরিবর্তন হয়েছে ৫০ বার—এর মধ্যে ২৫ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে।

সম্পর্কিত