হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৫টার পর সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে ট্রেনটি আটকে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ে ট্রেনের যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। পরে সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে আনা হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি বগি থেকে আলাদা করে রাখা হয়। বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করতে সময় লাগায় ট্রেনটির যাত্রা ব্যাহত হয়। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
ভুক্তভোগীদের অনেকে জানিয়েছেন, ঢাকা-সিলেট রেলপথে প্রায়ই ইঞ্জিন বিকল এবং ট্রেন নির্ধারিত সময়ে না চলার মতো ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরিয়ে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। তবে এতে অন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।”
ট্রেনের ইঞ্জিনের আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্তের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ঢাকা-সিলেট রেলপথে ট্রেনের সময়সূচি মেনে চলা, ইঞ্জিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যাত্রী সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।