ভারতে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্নের পেছনে নাশকতা বা কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘‘আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট নষ্ট এবং সেখান থেকে বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্ন ঘটছে। একের পর এক এমন কারিগরি ত্রুটি ঘটার পেছনে কোনো সাবোটাজ বা ষড়যন্ত্র রয়েছে কি না—তা আজ কেবল আমার নয়, সাধারণ মানুষের মনেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’’
সরকার আন্তর্জাতিক চুক্তির নিয়ম মেনে নিয়মিত পাওনা মেটাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‘পাওনা পরিশোধের পরও কেন এমন সংকট তৈরি হচ্ছে? নতুন সরকারের জনকল্যাণমুখী ও সামাজিক সুরক্ষা কার্যক্রমগুলো বাধাগ্রস্ত করতেই কৃত্রিমভাবে এই সংকট সৃষ্টি করা হচ্ছে বলে মনে হচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সালেও আমরা এ ধরনের ষড়যন্ত্রমূলক চক্রান্ত দেখেছি।’’
বক্তব্যে রিজভী একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের হঠাৎ প্রকাশ্যে বিশাল জনসমাগম ঘটানোর পেছনে গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আপনারা দেখছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল হঠাৎ করে উঁকি মারার চেষ্টা করছে। কিন্তু করছে কীভাবে? এখানে গোয়েন্দা সংস্থাগুলো কী করছে? এত বড় একটি... তারা মানুষ জড় করল এতগুলো! তো গোয়েন্দা সংস্থাগুলো জানে না? পুলিশ প্রশাসন—তারা কী করছেন? না?’’
তবে সম্প্রতি রংপুরে একই হিন্দু পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় সরকারের দ্রুত পদক্ষেপ ও আসামিদের গ্রেপ্তারের প্রশংসা করেন তিনি।