ads

আজিমপুরে ছাদ থেকে লাফিয়ে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আজিমপুরে ছাদ থেকে লাফিয়ে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’
প্রতীকী ছবি

রাজধানীর আজিমপুরে ভবন থেকে লাফিয়ে রাজ্জাক হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ব্যবসায়িক মন্দার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

আজ রোববার বিকেল পৌনে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফকির চানের ছেলে রাজ্জাক হোসেন মোহাম্মদপুরের সূচনা ভবন এলাকায় থাকতেন।

রাজ্জাককে হাসপাতালে নিয়ে আসা স্বজন সিফাত জানান, বেশ কিছুদিন ধরে ব্যবসায় মন্দার কারণে মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন রাজ্জাক হোসেন। রোববার সকালে তিনি আজিমপুরে মেয়ের বাসায় বেড়াতে আসেন। একপর্যায়ে কাউকে কিছু না জানিয়ে ভবনের সাততলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত