দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ থেকে ২৫ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করেন।
গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২৮৯/৪৬-এস এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সীমান্তের কাছে ২০ থেকে ২৫ জন ভারতীয় নাগরিককে জড়ো হতে দেখা যায়। বিএসএফ তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করতে পারে এমন সন্দেহে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেন। খবর পেয়ে বিজিবির দাউদপুর বিওপির একটি টহল দল ঘটনাস্থলে যায়।
ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বলেন, বিএসএফ কাঁটাতারের বেড়ার একটি গেট খুলে ওই ব্যক্তিদের বাংলাদেশের ভূখণ্ডে পুশইনের চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া করেন। বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ ভারতীয় নাগরিকদের আবারও ফিরিয়ে নিতে বাধ্য হয়।
মাহাবুর রহমান আরও বলেন, আজ সোমবার সকালে সীমান্ত এলাকায় কোনো ভারতীয় নাগরিকের উপস্থিতি দেখা যায়নি।