দুর্বল শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার ভারতের রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অজিত দোভাল বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল।”
ওই অনুষ্ঠানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা বলেন, “শাসনব্যবস্থার একটি নতুন চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। সাধারণ মানুষ এখন আরও সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী। রাষ্ট্রের প্রতি তার প্রত্যাশা বেড়েছে।”
তিনি আরও বলেন, যখন পরিবর্তন আসে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা। ঝড়-ঝাপটার ভেতরেও যেন দৃষ্টি স্বচ্ছ থাকে। ভয় বা বিভ্রান্তিতে যেন পথ না হারায়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় সাড়ে ১৫ বছর সরকারের থাকা আওয়ামী লীগ। এরপর থেকে বাংলাদেশ থেকে গিয়ে দিল্লিতে ভারত সরকারের আশ্রয়ে আছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ধরপাকড়ের মধ্যে আওয়ামী লীগের নেতাদের বেশির ভাগ ভারতে অবস্থান করছেন বলে খবর এসেছে গণমাধ্যমে।
এরপর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের। বিভিন্ন সময় পাল্টাপাল্টি মন্তব্য করছেন ঢাকা ও নয়াদিল্লির কর্তাব্যক্তিরা। তবে আওয়ামী লীগের সময়ের শাসন ব্যবস্থা নিয়ে ভারতের এর আগে তেমন মন্তব্য করেননি কেউ।