যশোরে আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে অভিনেতা সমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় অভিনেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ির সামনে থাকা মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামের গ্যারেজের দুই কর্মচারী লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে রক্তক্ষরণ হয়।
পরে পরিবারের সদস্যরা সমু চৌধুরীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে দুপুর সোয়া ১টার দিকে তিনি বাড়ি ফিরে আসেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জড়িতদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।