ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৫০ বছরের বেশি। গত কয়েকদিন ধরে তাকে ঢাকা-বরিশাল মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।
স্থানীয়দের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তিনি মহাসড়কের পাশের একটি গভীর খাদে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে।