মালদ্বীপকে হারিয়ে ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মালদ্বীপকে হারিয়ে ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
আসরের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে সাবিনা খাতুনের দল। ছবি: বাসস

প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ রোববার আসরের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে সাবিনা খাতুনের দল।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

ফুটসাল চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

থাইল্যান্ডের হুয়া মাক ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। প্রথমার্ধে ৬-১ গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক সাবিনা খাতুন দুই অর্ধে দুটি করে মোট চার গোল করেছেন। এ ছাড়া লিপি আক্তার করেছেন হ্যাটট্রিক।

তবে মাসুরা পারভীনের আত্মঘাতি গোলে ৪ মিনিটেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। কিন্তু দুই মিনিট পর সাবিনার গোলে আবার সমতায় ফেরে। ১৪ মিনিটে সাবিনা বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর অবশ্য বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কৃষ্ণা রানী ও নওসন জাহানের সঙ্গে লিপি আক্তারের দুই গোলে বাংলাদেশ ৬-১ গোলে এগিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে আরও লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। ২৩ মিনিটে সাবিনার গোল দিয়ে শুরু। এরপর সুমাইয়া, নিলুফা ইয়াসমিন নীলা, মেহেরুন আক্তারের এক গোলের পাশাপাশি লিপির তৃতীয়, কৃষ্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশের ব্যবধান বেড়েছে। ম্যাচের শেষ দিকে মাসুরা পারভীন আরও দুই গোল করেছেন। শেষভাগে মালদ্বীপের হয়ে মারিয়াম নুরা এক গোল দিয়েছেন।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়লেও ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাবিনার দল। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে এবং চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে ৬-৩ গোলে। পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ।

সম্পর্কিত