লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিমেন্টের সীমান্ত খুঁটি স্থাপনের চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে সরে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার বিকেলে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পয়শট্টিবাড়ী সীমান্ত এলাকায় পয়শট্টিবাড়ী বিওপির অধীন ৬১ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৮৪৫/১-এস ও ৮৪৫/২-এস সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার হরিকামাতা গ্রামের পানিশালা এলাকায় বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের পানিশালা-১ ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের
সহায়তায় আগে স্থাপিত বাঁশের খুঁটি অপসারণ করে। স্থানটি শূন্যরেখা (জিরো লাইন) থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত।
পরে সেখানে প্রায় তিন থেকে চার ফুট উচ্চতার নতুন সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করা হয়।
খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে আপত্তি জানায়। এরপর বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যায়।
আইন অনুযায়ী, শূন্যরেখার উভয় পাশের ১৫০ মিটারের মধ্যে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের আগে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক আলোচনা হওয়া বাধ্যতামূলক।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বাহিনী।