চট্টগ্রাম নগরের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম চরচাকে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘চট্টগ্রাম জেলা পুলিশের রিকুউজিশন অনুযায়ী, যশোর জেলার ডিবি ও কোতয়ালি থানার ৯টি দল মিলে গতকাল মঙ্গলবার দিবাগত ৪টার দিকে (বুধবার ভোর) ঝুমঝুমপুর এলাকা থেকে তিনজন সঙ্গীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।’’
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে তারা ভারত পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। আজ বুধবার সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র ব্যক্তি এ হামলা চালান। ১১ জুলাই ডেভিড ইমনের পরিচয়ে ডিডিএনের মালিক আদিল বিন মামুনের মোবাইলে বিদেশি নম্বর থেকে ফোন করে ২ কোটি টাকা চাঁদা চাওয়া হয়।
পুলিশের দাবি, সম্প্রতি চট্টগ্রামে নানা অপরাধের সঙ্গে এই ডেভিড ইমনের নাম উঠে এসেছে। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী এই ইমন।