দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৩ জন এবং খুলনা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর মধ্যে ৪৭.৯ শতাংশ পুরুষ এবং ৫২.১ শতাংশ নারী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯৪ হাজার ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ২০৮ জন।
বিভাগভিত্তিক প্রাণহানির পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৮০ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া খুলনা বিভাগে ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১৭ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন।