রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এর আগে তার দোকানে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে।
স্বজন ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আবদুল বারীর দোকানে টাকা ভাঙাতে আসে। তিনি টাকা ভাঙিয়ে দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, সন্ধ্যার ওই ঘটনার জের ধরে রাত পৌনে ২টার দিকে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও পেট্রোলবোমা নিয়ে আবদুল বারীর দোকানের সামনে এসে হামলা চালায়। তারা দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। দোকানে আগুন জ্বলতে দেখে আবদুল বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।