ফুটবলের উন্নয়নে ৬৩৫ কোটি ডলারের তহবিল গঠনের প্রস্তাব সদস্যদের কাছে উত্থাপন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর আওতায় ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় ফুটবল সংস্থার জন্য বরাদ্দ বাড়িয়ে ২ কোটি ৫০ লাখ ডলার করার প্রস্তাব দেওয়া হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মঙ্গলবার পর্যালোচিত একটি নথিতে এ তথ্য উঠে এসেছে।
এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ফিফা নথিতে বলেছে, সর্বশেষ বিশ্বকাপের বাণিজ্যিক সাফল্য কাজে লাগিয়ে সংস্থাটির ২১১টি সদস্য ফুটবল সংস্থা, কনফেডারেশন এবং অন্য অংশীদের ফুটবলের উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে। এর আগে চার বছর মেয়াদে প্রতিটি সদস্য সংস্থাকে এক কোটি ডলার দেওয়ার কথা ছিল।
১৪ অক্টোবর তারিখের ওই নথিতে বলা হয়েছে, ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত বিশ্বকাপের অভূতপূর্ব বাণিজ্যিক সাফল্যের ভিত্তিতে ফিফা তার আর্থিক সঞ্চিত তহবিল থেকে ৩৫০ কোটি ডলারের বেশি বিতরণের প্রস্তাব দিয়েছে।
এমন এক সময়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে, যখন ইউরোপীয় ফুটবল নেতারা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার জন্য একজন প্রার্থী খুঁজছেন। বিশ্বকাপ ঘিরে ইনফান্তিনোর বিতর্কিত ব্যক্তিগত বিনিয়োগ পরিকল্পনাটি জুলাইয়ে প্রকাশের কয়েক দিনের মধ্যেই বাতিল করা হয়। এ ঘটনার পর পদক্ষেপ নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
২০১৬ সালে ফিফা সভাপতি হওয়া ইনফান্তিনো আগামী বছর পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন।
নথিতে আরও বলা হয়েছে, আর্থিক পরিকল্পনাটি ২০২৬ সালের ডিসেম্বরে ফিফা কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত করা হবে। এরপর ২০২৭ সালের মার্চে ফিফার ৭৭তম কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে তা কার্যকর হবে।
ফিফা বলেছে, ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের প্রতিটিকে ৯ কোটি ৯০ লাখ ডলার করে দেওয়া হবে।
ফিফা বলেছে, “প্রস্তাবটি গৃহীত হলে ২০২৭–২০৩০ মেয়াদে পরিকল্পিত তহবিল বিতরণের পরিমাণ দ্বিগুণেরও বেশি হবে। এ ক্ষেত্রে নারী ও যুব ফুটবলের উন্নয়ন এবং বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
গত আগস্টে উয়েফা জানিয়েছিল, বিশ্বকাপের স্বত্ব বিক্রিসংক্রান্ত চুক্তিতে সম্ভাব্য আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে তারা। এ ছাড়া, প্রমাণ সংগ্রহের অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতেরও দ্বারস্থ হয়েছে সংস্থাটি।
উয়েফার ৫৫টি সদস্য সংস্থা ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের এক-চতুর্থাংশেরও বেশি। এসব ফেডারেশন আগামী বছরের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিতে পারবে।