রাজধানীর ফার্মগেটে একটি অনুষ্ঠানে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার বাইকচালক মুহিবুল্লাহ মুবিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
মুহিবুল্লাহ মুবিনকে আপাতত কারাগারেই থাকতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।
আজ আসামিপক্ষে তার আইনজীবী রবিউল আলম জুয়েল জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, “আসামি সম্পূর্ণ নির্দোষ। তার নাশকতার কোন অভিপ্রায় ছিল না। তিনি আবেগবশত সেলফি তোলার উদ্দেশ্যে গিয়েছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে কোনো তথ্য মেলেনি। যেকোনো শর্তে জামিন প্রার্থনা করেন তিনি।অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকলে ঢুকে পড়েন তিনি। সে সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তারের পর ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ৭ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ১০ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের সময় মুবিনের নিকট থেকে একটি মোটরসাইকেল, দুটি পাসপোর্ট, দুটি মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়।