ছবি ছাড়া বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির পদক্ষেপ নিতে আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরির সুযোগ থাকছে না।
আজ বুধবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
ইসলামী শরিয়ত অনুযায়ী পর্দা করার বিষয়টি উল্লেখ করে ২০২২ সালে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা। রিটের শুনানি নিয়ে ওই বছরের ৬ মার্চ আদালত রুল জারি করেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় তথা বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে এনআইডি তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। যা বুধবার খারিজ করে দিলেন হাইকোর্ট।
শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, হজের সময়, পাসপোর্টে এবং ব্যাংক অ্যাকাউন্টসহ বিভিন্ন জায়গায় প্রয়োজনে ছবি তুলতে হয়। সেই হিসেবে এনআইডিও অতীব প্রয়োজনীয় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং সেখানেও ছবি থাকা জরুরি।