ads

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির গণবিজ্ঞপ্তি

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে শিক্ষার্থী পূর্ণ নম্বর পাবে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে শিক্ষার্থী পূর্ণ নম্বর পাবে
ছবি: এআই দিয়ে তৈরি

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরইমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, প্রশ্নের কোনো ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

গতকাল সোমবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড অবগত রয়েছে। বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা শুরু করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হয়, তবে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে ওই প্রশ্ন দুটির জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

এছাড়া এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হতে পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সম্পর্কিত