Advertisement Banner

ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: বাসস

সাম্প্রতিক সময়ে একটি ইউটিউব চ্যানেলের পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্পর্কে দেওয়া নিজের কিছু বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই বক্তব্য প্রত্যাহার করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, “আমি মনে করি, আমার বক্তব্যের কিছু অংশ ভুলভাবে বোঝা হয়েছে এবং কিছু ক্ষেত্রে তার ভুল ব্যাখ্যাও করা হয়েছে। তাই বিষয়টি পরিষ্কার করার প্রয়োজন অনুভব করছি। প্রথমত, এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত চিন্তা ও মতামত; এগুলো কোনোভাবেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমি মূলত বলতে চেয়েছি যে, সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি বিশ্বমানের একটি গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার। আমার বক্তব্যের উদ্দেশ্য কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা বা অবদানকে খাটো করা ছিল না; বরং ভবিষ্যৎ নিয়ে আমাদের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরা ছিল।”

ফেসবুক পোস্টে ববি হাজ্জাজ আরও জানান, তার মূল উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি বিশ্বমানের একটি গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার তাগিদ দেওয়া, ঐতিহ্যকে খাটো করা নয়।

পডকাস্টের আলোচনাটি সম্পূর্ণ অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত কথোপকথন ছিল উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “এটি যদি কোনো প্রাতিষ্ঠানিক বা নীতিগত আলোচনার পরিসর হতো, তবে বক্তব্যের ভাষা ও উপস্থাপনা অবশ্যই আরও কাঠামোবদ্ধ ও নির্দিষ্ট হতো।”

ফেসবুক পোস্টে দেশের উচ্চশিক্ষা খাত নিয়েও কিছু সমালোচনামূলক মূল্যায়ন তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার মতে, গত ১৭ বছরে দেশের উচ্চশিক্ষা খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যেখানে একাডেমিক উৎকর্ষের পরিবর্তে স্বৈরাচারী সরকারের রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে এবং শিক্ষক নিয়োগ ও পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে মেধাভিত্তিক মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া প্লেজারিজমের মতো অনৈতিক একাডেমিক চর্চার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে যার সমালোচনা করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও জাতি গঠনে অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ববি হাজ্জাজ জানান, তিনি চান এই বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানচর্চার একটি স্বীকৃত কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী অবস্থান অর্জন করুক।

বর্তমানে যারা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে রয়েছেন তারাও এই লক্ষ্য নিয়ে কাজ করছেন। তার আংশিক বক্তব্যের কারণে যেহেতু কিছুটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং অনেকেই অসন্তুষ্ট ও মর্মাহত হয়েছেন, সেজন্য বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিয়েছেন প্রতিমন্ত্রী।

সম্পর্কিত