জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালানোর দাবি জানিয়েছে তারা।
আজ মঙ্গলবার জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলভীবাজারে হাসিব আল ইসলামের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সংগঠনটি দাবি করে, হাসিবের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত সন্ত্রাসী তৎপরতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনাকে একই ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে জাতীয় ছাত্রশক্তি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যাসিবাদ ও তার দোসররা দেশে পুনরায় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধ এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করে সংগঠনটি।
এ পরিস্থিতিতে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। দাবিগুলোর মধ্যে রয়েছে—হাসিব আল ইসলামের ওপর হামলাকারীসহ গত দুই দিনে সারাদেশে ছাত্রলীগের কথিত সন্ত্রাসী তৎপরতায় যুক্তদের দ্রুত বিচারের মুখোমুখি করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং দেশব্যাপী অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।