Advertisement Banner

পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করল পাকিস্তান, ইসলামাবাদে মিলবে সুবিধা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করল পাকিস্তান, ইসলামাবাদে মিলবে সুবিধা
মহসিন নকভি। ছবি: এক্স

ইরান যুদ্ধের জেরে সৃষ্ট জ্বালানি সংকটে যখন দিশেহারা সাধারণ মানুষ, ঠিক তখনই বড়সড় স্বস্তির খবর দিলো পাকিস্তান সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ঘোষণা করেছেন, আগামী শনিবার থেকে রাজধানী ইসলামাবাদে সব ধরনের সরকারি গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ সুবিধা আগামী ৩০ দিন কার্যকর থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে মহসিন নকভি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায়, সাধারণ মানুষের সুবিধার্থে ইসলামাবাদের সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট আগামী ৩০ দিনের জন্য বিনামূল্যে করে দেওয়া হয়েছে। এই জনকল্যাণমূলক উদ্যোগের জন্য প্রয়োজনীয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয়ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহন করবে।

বর্তমানে ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী এবং বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে। এই সংকট থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই সরকার এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

মূলত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের যাতায়াত খরচ কমাতেই এই বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে শাহবাজ শরিফের সরকার।

সম্পর্কিত