দেশের পরিবর্তন আনতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে দেওয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই তা ঠেকিয়ে রাখতে পারবে না।’’
‘‘আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’’
প্রতি সপ্তাহে এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার জন্য সময় দিলে অবশ্যই পরিস্থিতির পরিবর্তন আসবে বলেও জানান তারেক রহমান। এসময় তিনি যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ঢাকার দুই সিটি করপোরেশন।
এই কর্মসূচির প্রতিপাদ্য বিষয় হচ্ছে—‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ ও ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’।
এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও উত্তর সিটির প্রশাসক শফিকুল আলম খান মিল্টন।
অনুষ্ঠানে উদ্বোধনের পর ডেঙ্গু সচেতনতা নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।