Advertisement

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি
সাভারে সুরেশ্বর পীরের অনুসারীদের ওরস বন্ধের দাবিতে ইউএনও ও থানায় স্মারকলিপি। ছবি: সংগৃহীত

সাভারে একটি ওরস বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন ও সাভার মডেল থানায় স্মারকলিপি দিয়েছে ‘তৌহিদি জনতা’। সুরেশ্বর পীরের অনুসারী কাজী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে এই ওরস হওয়ার কথা ছিল।

Advertisement

গত রোববার দুপুরে তৌহিদি জনতার পক্ষে ১০ ব্যক্তির সই করা স্মারকলিপি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাভার মডেল থানায় জমা দেওয়া হয়।

Advertisement

‘তৌহিদি জনতা’র দাবি, ওরসের নামে ধর্মীয় অপব্যাখ্যা ও অসংগতিপূর্ণ বক্তব্য দিয়ে স্থানীয়দের বিভ্রান্ত করা হচ্ছে। এলাকাটিতে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয়, এজন্য তারা ওরস বন্ধের আহ্বান জানান।

অন্যদিকে, এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন কাজী জাবের আল জাহাঙ্গীর। তিনি জানান, প্রায় ১৯ বছর ধরে তাদের বাড়িতে ঘরোয়াভাবে এই অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে। বাড়ির সীমানার ভেতরেই ধর্মীয় নিয়ম মেনে ওরস অনুষ্ঠিত হবে এবং বাইরে কোনো প্যান্ডেল বা মাইক ব্যবহার করা হবে না।

এছাড়া আগেও তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল উল্লেখ করে তিনি নিরাপত্তার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান জাহাঙ্গীর।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযোগকারীদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, বিষয়টি নিয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।