পিএইচপির নিরাপত্তা দুর্বলতা ঘিরে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকির মধ্যে এবার সাইবার হামলার শিকার হয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট। সাইটটিতে স্প্যাম কনটেন্ট শনাক্ত হওয়ার পর সেটি সচল করতে কাজ করছেন ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা।
জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনির হোসেন চরচাকে বলেন, ‘‘ওয়েবসাইটে নিরাপত্তাসংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বিশ্বজুড়েই একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এ কারণে ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে। সাইটটি পুনরায় সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
তবে ঠিক কখন ওয়েবসাইটটি পুরোপুরি সচল হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাননি তিনি।
পিএইচপি ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে বহুল ব্যবহৃত একটি সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষা। ওয়েবসাইটের বিভিন্ন অনুরোধ প্রক্রিয়াকরণ, ডেটাবেজ থেকে তথ্য আনা এবং ব্যবহারকারীর কাছে গতিশীল কনটেন্ট দেখানোর মতো কাজে এটি ব্যবহৃত হয়।
সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে সতর্ক হয়েছে। পুরোনো সংস্করণ ব্যবহার করা হলে এসব ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে সার্ভারে অননুমোদিত কোড চালানোর সুযোগ তৈরি হতে পারে। এতে ওয়েবসাইটের ফাইল ও সংরক্ষিত তথ্য ঝুঁকিতে পড়তে পারে।
বাংলাদেশ সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা বিজিডি ই-গভ সার্ট গত ২২ অক্টোবর এ বিষয়ে সতর্কতা জারি করে। সংস্থাটি সার্ভারে ব্যবহৃত পিএইচপির সংস্করণ পরীক্ষা, প্রয়োজনীয় নিরাপত্তা আপডেট ইনস্টল এবং ঝুঁকিপূর্ণ সিস্টেম সুরক্ষিত করার পরামর্শ দেয়।