হাটহাজারীতে মায়ের শেষকৃত্য শেষে কারাগারে ফেরানো হলো প্যারোলে মুক্তি পাওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।
আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে চিন্ময় কৃঞ্চকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে চরচাকে জানান সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন।
এর আগে বৃহস্পতিবার সকালে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিন্ময়ের মা সন্ধ্যা রাণী ধর। চিন্ময়ের ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে শেষকৃত্যে অংশ নিতে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে তাকে পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কারাগার থেকে কড়া পুলিশ নিরাপত্তায় তাকে হাটহাজারীর মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়। সেখানে মায়ের মরদেহ দেখে চিন্ময় কান্নায় ভেঙে পড়েন। পরবর্তীতে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও শেষকৃত্যে অংশ নেন তিনি। শেষকৃত্যের পর সন্ধ্যায় তাকে পুনরায় কারা হেফাজতে নেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর সনাতনী সম্প্রদায়ের আট দফা আন্দোলনের মুখপাত্র হিসেবে আলোচনায় আসেন পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় দাস। ওই বছরের অক্টোবরে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এবং ২৫ নভেম্বর তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম আদালতে তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। চিন্ময় দাস উক্ত হত্যা মামলারও অন্যতম আসামি।