সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল বুধবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজন বাংলাদেশের নাগরিক নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আখতার।
মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আজেল নিউজ জানিয়েছে, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী তাদের আটক করার পর তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনে। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে মৃত্যুদণ্ডের রায় দেন। পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারকের বিবেচনাধীন শাস্তি হিসেবে এ দণ্ড দেওয়া হয়।
পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। এরপর বুধবার মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।