Advertisement Banner

নেইমারকে নিয়ে ব্রাজিলের ‘আপডেট’, সুসংবাদ-দুঃসংবাদ দুটিই আছে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নেইমারকে নিয়ে ব্রাজিলের ‘আপডেট’, সুসংবাদ-দুঃসংবাদ দুটিই আছে
বিশ্বকাপে যাওয়ার পর বুধবার প্রথমবার ব্রাজিল দলের সঙ্গে কিছুক্ষণ অনুশীলন করেছেন নেইমার। ছবি: সিবিএফ

ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে খেলবেন না নেইমার। এমনকি বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়ায় শুরু হতে যাওয়া ম্যাচটির জন্য দলের সঙ্গে ভেন্যুতেও যাবেন না ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

পায়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা নেইমার নিউজার্সিতে দলের বেইজ ক্যাম্পেই থাকবেন বলে জানিয়ে দিয়েছে ব্রাজিলের ফেডারেশন।

ব্রাজিলের বেইজ ক্যাম্প যেখানে, সেই রেড বুল নিউইয়র্ক ক্লাবের সুযোগ-সুবিধার কথা তুলে ধরে সংবাদ বিবৃতিতে সিবিএফ লিখেছে, ‘ও নিউজার্সিতেই থাকবে, যাতে দ্য রিজ হোটেল এবং দ্য কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের অসাধারণ সুযোগ-সুবিধা কাজে লাগানো যায় এবং ওর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার চূড়ান্ত ধাপের পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করা যায়।’

ব্রাজিলের অনুশীলনে নেইমার। ছবি: সিবিএফ
ব্রাজিলের অনুশীলনে নেইমার। ছবি: সিবিএফ

হাইতি ম্যাচ বিবেচনা করলে সিবিএফ-এর এই বিবৃতিকে দুঃসংবাদ মনে হবে, তবে এর আগের ঘটনাবলি এবং এর পরের সম্ভাবনা বিবেচনায় নিলে এখানে সুসংবাদও খুঁজে নিতে পারেন ব্রাজিল সমর্থকেরা।

এর আগে বুধবার নিউজার্সির মরিসটাউনে বিশ্বকাপে প্রথমবার দলের সঙ্গে অনুশীলন করেন নেইমার। রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গাব্রিয়েল মাগালিয়েস ও ফাবিনিওর সঙ্গে ব্রাজিলের অনুশীলন জার্সি পরেই মাঠে ঢোকেন। এ সময় সাংবাদিকদের সামনে পেয়ে মজা করে বলেন, ‘আমাকে মিস করেছেন?’

দলের সঙ্গে কিছুক্ষণ অনুশীলনের পর অবশ্য নেইমার আবার সাইডলাইনে ফিরে যান, ব্রাজিলের কোচিং টিমের সদস্যদের সঙ্গে আলাদাভাবে কাজ করেন। এর আগে মঙ্গলবার দলের ট্রেইনিং সেশনের সময় সাইডলাইনে আলাদা অনুশীলন করেন নেইমার। কোচ কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে রানিং ড্রিল ও শারীরিক কসরত করেন।

সোমবারের আগ পর্যন্ত নেইমার মূলত জিমেই অনুশীলন করেছেন।

ক্লাব সান্তোসের হয়ে খেলার সময়ে গত ১৭ মে ডান পায়ের মাংসপেশিতে চোট পান নেইমার। সান্তোসের দিক থেকে প্রাথমিকভাবে জানানো হয় চোটটা গুরুতর নয়। এই অবস্থায়ই নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাকেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু পরে ব্রাজিল জাতীয় দলের ডাক্তাররা জানান, নেইমারের চোট প্রাথমিক ভাবনার চেয়েও বেশি গুরুতর।

গ্রেড টু কাফ ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত ২-৩ সপ্তাহ লাগে।

নেইমারকে ছাড়াই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। হাইতির পর গ্রুপে ব্রাজিলের তৃতীয় ও শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশ সময় আগামী ২৫ জুন ভোর ৪টায়।

সূত্রের কাছ থেকে পাওয়া জানিয়ে ইএসপিএন প্রতিবেদনে লিখেছে, গত সোমবার আরেকবার নেইমারের কিছু টেস্ট করানো হয়েছে। একই টেস্ট এর এক সপ্তাহ আগেও করানো হয়েছিল। সোমবারের টেস্টগুলোর ফল কী এসেছে, তা এখনো জানায়নি সিবিএফ।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, দলের মেডিকেল স্টাফের আশা, নেইমারকে নকআউট পর্ব থেকে পুরো ফিট অবস্থায় পাওয়া যাবে।

ব্রাজিলের জার্সিতে নেইমার সর্বশেষ মাঠে নেমেছেন ২০২৩ সালের ১৭ অক্টোবর।

সম্পর্কিত