
ফিলিস্তিনের গাজা ও লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় গাজায় শরণার্থীশিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ও আরেকটি আশ্রয়শিবিরে ১৩ জন ও বৈরুতে বড় একটি সরকারি হাসপাতালে চারজন নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার ও ভূগর্ভস্থ অস্ত্রাগারে হামলা চালিয়েছে।

গত সপ্তাহে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটি বলেছে, হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র ও অবকাঠামো ধ্বংস করতে ‘সীমিত আকারে, স্থানীয়ভাবে ও নির্দিষ্ট লক্ষ্যে তল্লাশি’ চালানো হচ্ছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডসের প্রধান হোসেন সালামি আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায় তবে দেশটিকে আবার জবাব দেওয়া হবে।

ইসরায়েলি হামলার কারণে লেবানন থেকে ৪ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ সিরিয়ায় পালিয়েছেন। তাদের অধিকাংশই সিরীয় নাগরিক।

লেবাননের বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১১৭ জন।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল স্থল অভিযান চালিয়েই যাচ্ছে। তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করছে।