অভিবাসী ভিসা স্থগিত করলেও ভিজিটর ভিসা চালু রেখেছে আমেরিকা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
অভিবাসী ভিসা স্থগিত করলেও ভিজিটর ভিসা চালু রেখেছে  আমেরিকা

গত ২১ জানুয়ারি বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এ সিদ্ধান্ত ভিজিটর ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং আবেদন ও সাক্ষাৎকার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আজ সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নতুন সিদ্ধান্তে বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের কারণ হিসেবে জানানো হয়েছে, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সে দেশের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুযোগ-সুবিধা বা জনকল্যাণমূলক তহবিল তুলনামূলক বেশি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেই এই কড়াকড়ি প্রযোজ্য হবে।

তবে এই নতুন নিয়মটি পর্যটন, ব্যবসা, পড়াশোনা বা অন্য কোনো জরুরি প্রয়োজনে যারা স্বল্প মেয়াদে যুক্তরাষ্ট্রে যেতে চান (অ-অভিবাসী বা ভিজিটর ভিসা), তাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ, নন-ইমিগ্রান্ট ভিসা কার্যক্রম আগের মতোই স্বাভাবিকভাবে চলবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও স্পষ্ট করেছে যে, এই স্থগিতাদেশ থাকলেও আবেদনকারীরা চাইলে তাদের অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন। এমনকি আগে থেকে নির্ধারিত সময় অনুযায়ী তারা সাক্ষাৎকার (ইন্টারভিউ) দিতে পারবেন এবং নতুন করে সাক্ষাৎকারের তারিখও নেওয়া যাবে।

সম্পর্কিত