Advertisement Banner

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
নুরুননাহার নিম্নি। ছবি: সংগৃহীত

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের নুরুননাহার নিম্নি। তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে আজ বুধবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি ও এভারেস্ট আরোহী ইকরামুল হাসান শাকিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযান ব্যবস্থাপনা সংস্থা ‘৮কে এক্সপেডিশন’ থেকে অ্যাঙ তেম্বা শেপরা আনুষ্ঠানিকভাবে এই গৌরবময় তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্মি চূড়ান্ত আরোহণের লক্ষ্যে গত ২৫ মে ক্যাম্প-২ (৬ হাজার ৪০০ মিটার) থেকে যাত্রা শুরু করেন এবং রাতে ক্যাম্প-৩ (৭ হাজার ২০০ মিটার) এ অবস্থান করেন। ২৬ মে ভোরে তিনি ক্যাম্প-৩ থেকে রওনা হয়ে দুপুর আড়াইটা নাগাদ ক্যাম্প-৪-এ পৌঁছান।

সেখানে সন্ধ্যা পর্যন্ত প্রয়োজনীয় বিশ্রাম নেওয়ার পর তিনি চূড়ার উদ্দেশে তার চূড়ান্ত অভিযান শুরু করেন। সারা রাত দুর্গম ও প্রতিকূল পথ পেরিয়ে বুধবার ভোরে তিনি এভারেস্টের শীর্ষবিন্দুতে পৌঁছান এবং পরম গৌরবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেন। তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নুরুননাহার নিম্মি ১১ এপ্রিল নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করেছে পূবালী ব্যাংক পিএলসি।

এরআগে, ২০১২ সালের ১৯ মে নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী হন। একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেন।

সম্পর্কিত